কুমিল্লায় মহাসড়কে আটকা পড়েছে এক হাজার পণ্যবাহী যান
সাধারণ ও রপ্তানি পণ্য নিয়ে ঢাকা থেকে ও ঢাকা হয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ছেড়ে আসা হাজার খানেক কাভার্ড ভ্যান, কার্গো, লরি ও ট্রাক কুমিল্লার বিশ্বরোড এলাকায় আটকা পড়েছে। গতকাল সোমবার ভোরে ওই এলাকায় পৌঁছানোর পর বিএনপি-জামায়াতের ডাকা হরতাল শুরু হয়ে গেলে যানবাহনগুলো সেখানে আটকা পড়ে। হরতালের আগে গত রোববার রাত আটটায় চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের ভিটাওয়ার্ল্ড এলাকায় মালবাহী ট্রাক এবং গতকাল সোমবার সকাল ১০টায় চৌদ্দগ্রামের সৈয়দপুর লালারপুল এলাকায় মডার্ন কার্গো নামের রপ্তানি পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন শিবিরের কর্মীরা। ওই খবর পেয়ে আতঙ্কে সব পণ্যবাহী কার্গো, লরি ও ট্রাকচালক পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিভিন্ন হোটেল, পেট্রল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে এবং মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে দিনভর অপেক্ষা করতে থাকেন। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই যানবাহনগুলোকে মহাসড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কাভার্ড ভ্যান, কার্গো, লরি ও একাধিক ট্রাকচালক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতুর মেরামতকাজ চলছে। ১৫ মার্চ থেকে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ আছে। বিকল্প পথে কাঁচপুর হয়ে নরসিংদী, ভৈরব দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ব্যবহার করে কুমিল্লা পর্যন্ত এসেছেন তাঁরা। পুরো পথেই তাঁরা ডাকাত-আতঙ্কে ছিলেন দাবি করে বলেন, মহাসড়কে পুলিশের সংখ্যা ছিল কম। তার ওপর কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া বিকল্প সড়কে গাড়ি চালাতে বেশ বেগ পেতে হয়েছে। একে তো সরু সড়ক, তার মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ একাধিক সেতু। আতঙ্ক-উৎকণ্ঠার মধ্য দিয়ে রোববার রাত থেকে মহাসড়কে আছেন তাঁরা। ‘জরুরি রপ্তানি কাজে নিয়োজিত’ তামান্না ট্রান্সপোর্ট এজেন্সির কর্মচারী কামাল হোসেন গতকাল সোমবার দুপুরে পদুয়ার বাজার এলাকায় প্রথম আলোকে বলেন, ‘ঢাকার রামপুরা থেকে রোববার সন্ধ্যায় গার্মেন্টসের মাল নিয়া চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হইছি। আজ (গতকাল) ভোর ছয়টায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পৌঁছি। রাতে পুরো পথেই ভয়ে ছিলাম। একদিকে হরতালের জ্বালাও-পোড়াও, আরেক দিকে ডাকাতির ভয়।’গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড, পদুয়ার বাজার রেলক্রসিং, আদর্শ সদর উপজেলার আলেখারচরসহ বিভিন্ন এলাকার হোটেল, পেট্রল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে ও মহাসড়কের পাশে কয়েক শ পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে আছে। পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার সাউথ কুমিল্লা ফিলিং স্টেশন ও ছন্দু হোটেলের বিপরীত পাশেও কয়েক শ পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বেশির ভাগ চালক ও সহকারী ঘুমিয়ে আছেন। একই চিত্র ছিল রিভারভিউ ফিলিং স্টেশনের পূর্বপাশে। সেখানে ট্রাক থেকে গরু নামিয়ে পাশের জমিতে বেঁধে রাখা হয়েছে। জানতে চাইলে পূর্বাঞ্চল মহাসড়ক পুলিশের পুলিশ সুপার এম রেজাউল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে শত শত পণ্যবাহী কাভার্ড ভ্যান, ট্রাক ও লরি মহাসড়কে দাঁড়িয়ে থাকার খবর আসেনি। মহাসড়কে ওভারলোড ট্রাক ও ভারী যানবাহন চলাচলের নিয়ম নেই। ওই ভয়ে হয়তো কোনো কোনো যানবাহন মহাসড়কে অবস্থান করছে।’ যোগাযোগ করা হলে তৈরি পোশাক মালিক সমিতির (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, হরতালের কারণে এ অবস্থা হয়েছে। তিনি বলেন, যদি সময়মতো পণ্য জাহাজীকরণ না করা যায়, তাহলে আমাদের বড় অঙ্কের লোকসান গুনতে হয়। অনেক ক্ষেত্রে বিমানে পণ্য পাঠাতে হয়, ক্রেতাদের মূল্যছাড় দিতে হয়। এতে শিল্প রুগ্ণ হয়ে পড়ে। সিদ্দিকুর রহমান বলেন, এ অবস্থায় তাঁরা পণ্যবাহী গাড়ির নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন।