কুমিল্লায় মহাসড়কে দিনভর যানজট
কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুতে ট্রাক বিকল হয়ে পড়ায় আজ শুক্রবার দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়া যাত্রী, রোগী ও এইচএসসি পরীক্ষার্থীরা বিপাকে পড়ে।আজ সন্ধ্যা সাতটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেতু এলাকা থেকে চান্দিনা উপজেলার বাসস্ট্যান্ড পর্যন্ত বিচ্ছিন্নভাবে ১৬ কিলোমিটার যানজট রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রাক রাত তিনটার দিকে মেঘনা-গোমতী সেতুর ওপর বিকল এবং আরেকটি ট্রাক উল্টে গেলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। সকাল সাতটার দকে ট্রাক দুটিকে সরিয়ে নিলেও আজ ছুটির দিন হওয়ায় সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। ফলে যানজট প্রায় ৪০ কিলোমিটার ছাড়িয়ে যায়। এ সময় এইচএসসি পরীক্ষার্থীদের অনেককেই হেঁটে রওনা দিতে দেখা গেছে। এইচএসসি পরীক্ষার্থী মরিয়ম আক্তার, তানিয়া আক্তার ও পপি সাহা বলেন, খুব সকালে বাড়ি থেকে কেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েও বৃষ্টি ও যানজটের কারণে কেন্দ্রে পৌঁছতে আধা ঘণ্টা দেরি হয়েছে।একই কারণে শিক্ষকেরাও ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে অধ্যক্ষকে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যায়।টেকনাফ থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের বাসের চালক আবু সাইদ বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় টেকনাফ থেকে রওনা দিয়ে ভোর পাঁচটায় ঢাকায় পৌঁছানোর কথা। কিন্তু যানজটের কারণে ঢাকায় পৌঁছতে বিকেল হয়ে যাবে।বাসের যাত্রী কাঁচপুরের লতা বলেন, যানজটে দীর্ঘ সময় আটকা পড়ে তিন বছরের শিশু নিয়ে তিনিসহ এমন অনেকেই খাবার ও শৌচাগারের সমস্যায় পড়েছেন। ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের চালক তৈয়ব হোসেন বলেন, রাত ১০টায় ঢাকা থেকে রওনা দেওয়ার পর সকাল আটটায় দাউদকান্দির গৌরীপুর পার হতে পেরেছেন। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, আজ ছুটির দিনে মহাসড়কে মাত্রাতিরিক্ত যানবাহন চলাচল, গতকাল রাতে সেতুতে ট্রাক বিকল, ট্রাক উল্টে যাওয়া আর এর সঙ্গে বৃষ্টি যোগ হওয়ায় যানজট তীব্র আকার ধারণ করে।