কুমিল্লায় মা-মেয়ে খুনের ঘটনায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড
কুমিল্লায় মা-মেয়ে খুনের মামলায় আবদুর রহিম নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় দেন। আদালত সূত্র জানায়, দণ্ডিত আসামি নিহত মা-মেয়ের আত্মীয়। রায় ঘোষণার সময় আবদুর রহিম আদালতে উপস্থিত ছিলেন না। তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে এখন পলাতক আছেন। আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ২০ এপ্রিল কুমিল্লার কাশিনাথপুরে সুফিয়া আহমেদকে (৪২) কুপিয়ে এবং তাঁর মেয়ে রুবাইদা আহমেদকে (১৯) শ্বাস রোধ করে হত্যা করেন আবদুর রহিম। পর দিন সুফিয়ার স্বামী মোস্তাক আহম্মেদ বাদী হয়ে এ ঘটনায় কুমিল্লা সদর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার বিবরণে জানা যায়, রুবাইদা তাঁর খালাতো ভাই রাজীবকে বিয়ে করলে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে রাজীবের বড় বোন ঊর্মির স্বামী আবদুর রহিম রুবাইদার বাসায় যান। সেখানে তিনি পরিকল্পিতভাবে রুবাইদা ও তাঁর মা সুফিয়াকে হত্যা করেন।চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আইয়ুব খান প্রথম আলোকে বলেন, এই জোড়া খুনের ঘটনায় আবদুর রহিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ২০০৯ সালের ২৫ মার্চ তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ২২ অক্টোবর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। ২৯ কার্যদিবসে নেওয়া ২১ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত গতকাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।