কুমিল্লায় যুবদলের সম্মেলনে অস্ত্রবাজি মামলায় আরও একজন গ্রেপ্তার
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে প্রকাশ্যে অস্ত্রবাজি করার মামলায় জামিরুল ইসলাম ওরফে রাজন (২১) নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুমিল্লা শহরের কাপ্তানবাজারের ব্যাপারী পুকুরপাড় থেকে রাজনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক সৈয়দ আবু মো. শাহজাহান কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে রাজনকে গ্রেপ্তার করে পুলিশ। ১১ ডিসেম্বর গ্রেপ্তার হওয়া আরেক অস্ত্রধারী আসামি শহীদুল হক ওরফে জেমির রিমান্ডে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী রাজনকে গ্রেপ্তারে তত্পর হয় পুলিশ। এ পর্যন্ত এই মামলায় চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। দুই আসামি ইতিমধ্যে জামিনে রয়েছেন। তবে এ মামলার মূল আসামি জামান এখনো পলাতক।এদিকে, গ্রেপ্তার হওয়ার পর রাজনকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসা হলে সাংবাদিকদের উপস্থিতিতে রাজন কম্পিউটারে নিজের ছবি শনাক্ত করেন। ওই দিন শহরের মুন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা কাজী জামানের কাছ থেকে তিন রাউন্ড গুলিভর্তি দেশীয় এলজি নেন বলেও স্বীকার করেন তিনি। ঘটনার ৬৯ দিন পর তাঁকে শনাক্ত করল পুলিশ।আগামীকাল রাজনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ।উল্লেখ্য, গত ১০ অক্টোবর কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে চার পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হন। ওই দিনই কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ চৌধুরী দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন।