কুমিল্লায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার বিশ্বরোডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ জাঙ্গালিয়া এলাকার আবদুল মমিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বুধবার দুপুর ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা গেছে, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সদস্য আলমগীর হোসেনের সঙ্গে যুবলীগের সদস্য মোস্তাক মিয়ার বিশ্বরোড এলাকার পরিবহন সেক্টরসহ বিভিন্ন খাতের চাঁদা আদায় নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। আজ দুপুরে মোস্তাক মিয়ার নেতৃত্বে যুবলীগের একটি অংশ পদুয়ারবাজার বিশ্বরোডের দক্ষিণ পাশে বাসস্ট্যান্ড এলাকায় আলমগীর হোসেনের ওপর হামলা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলমগীর হোসেন (৩৫), মোস্তাক মিয়া (৩০), মাহবুব হোসেন (২৫), দেলোয়ার হোসেন (৩০), কার্তিকসহ (২৮) উভয় পক্ষের কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হন। পরে খবর পেয়ে সদর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চার রাউন্ড গুলিভর্তি নাইনএমএমের একটি পিস্তলসহ আবদুল মমিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে মমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।