কুমিল্লায় সংগীতশিল্পী আসিফের ওপর ছাত্রদল ও যুবদলের হামলা
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংগীতশিল্পী আসিফ আকবরের ওপর হামলা করেছেন ছাত্রদল ও যুবদলের একদল নেতা-কর্মী। গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচরে একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আসিফ আকবর বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন।বিএনপির নেতা-কর্মী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে মিয়ামি রেস্তোরাঁয় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সূত্র জানায়, অনুষ্ঠানের একপর্যায়ে সেখানে উপস্থিত হন আসিফ আকবর। অনুষ্ঠানের উপস্থাপক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার তাঁকে সংগীতশিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেন। এ সময় আসিফ আকবর তাঁর দলীয় পরিচয় দেওয়ার জন্য উপস্থাপককে অনুরোধ করেন। জবাবে নিজাম উদ্দিন কায়সার তাঁকে গালাগাল করে বলেন, ‘হু আর ইউ’। একপর্যায়ে আসিফ ক্ষুব্ধ হয়ে উপস্থাপকের দিকে তেড়ে যান। এ সময় ছাত্রদল ও যুবদলের একদল কর্মী তাঁকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। তাঁরা আসিফকে মারধর করেন এবং তাঁর জামা ছিঁড়ে ফেলেন। আসিফকে বাঁচাতে গিয়ে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও ওই রেস্তোরাঁর মালিক মিজানুর রহমান, কুমিল্লা শহরের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং ছাত্রদলের কর্মী শিবলু মিয়া আহত হন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় রেস্তোরাঁয় ভাঙচুর চালানো হয়। পরে আসিফ রেস্তোরাঁর পাশের একটি দোকানে আশ্রয় নেন। খবর পেয়ে কুমিল্লা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল হকের অনুসারী কয়েকজন ও পুলিশ গিয়ে আসিফকে উদ্ধার করে।আসিফ আকবর অভিযোগ করেন, ‘ছাত্রদল ও যুবদলের একাংশের নেতা-কর্মীরা আমাকে মেরে ফেলার চেষ্টা চালিয়েছেন। জেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের প্রত্যক্ষ মদদে এই হামলা চালানো হয়।’জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আসিফ আমাকে মারধর করার জন্য তেড়ে এলে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা তাঁকে মারধর করেছেন। আমি ‘সরি’ বলা সত্ত্বেও তিনি উত্তেজিত হয়ে যান।’কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, পুলিশ আসিফকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।পুলিশ সূত্র জানায়, এ ব্যাপারে আসিফ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।