কুমিল্লায় সন্দেহভাজন দুই ব্যক্তি আটক
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে শহরের রানীরবাজার এলাকা থেকে গতকাল রাতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের নেতৃত্বে একটি টহল দল এক অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। শাস্তিপ্রাপ্ত দুজন হলো তৌহিদ হাসান ও ইমরান।রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনী বিধিমালা অনুযায়ী গতকাল রাত ১২টার পর থেকে সিটি করপোরেশনে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত দেড়টার দিকে ওই এলাকায় প্রেস লেখা একটি গাড়ি দেখে গাড়িটি থামানো হয়। এ সময় তাদের কাছে জানতে চাইলে তারা নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেসের লোক বলে পরিচয় দেয়। কিন্তু তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। অসংলগ্ন কথা বলতে থাকে। একপর্যায়ে তাদের গাড়ি তল্লাশি করে প্রচুর কাগজপত্র পাওয়া যায়। সেখানে বিভিন্ন প্রার্থীর নাম, কুমিল্লা শহরের সন্ত্রাসীদের তালিকা ও বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়। কিছু কিছু নামের পাশে ক্রস, টিক ও স্টার চিহ্ন দেওয়া ছিল। এতে সন্দেহ হওয়ায় তাদের আটক করা হয়। আবদুল বাতেন দাবি করেন, নাশকতা সৃষ্টির জন্য এ দুজন এসেছিল।