কুমিল্লায় সেনা চায় বিএনপি, ইভিএমেও আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের ব্যাপারে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি। একই সঙ্গে তারা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ দাবি জানানো হয়।তবে এই চিঠি নির্বাচন কমিশনে পৌঁছার আগেই নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে তফসিল ঘোষণা করে এবং নির্বাচনে শতভাগ কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত জানায়।আজ দুপুর ১২টার দিকে বাহক মারফত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের চিঠিটি প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার দপ্তরে পৌঁছে দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, ‘ইভিএম এমন একটি যন্ত্র, যার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে এখনো অনেকের মধ্যে সন্দেহ আছে। এই যন্ত্রের সঙ্গে ভোটাররা পরিচিত নন। কারিগরি ছলচাতুরি ছাড়াও ভোট গ্রহণ কর্মকর্তার সঙ্গে সমঝোতা করে এক ব্যক্তির পক্ষে কোনো প্রার্থীকে একাধিক ভোট দেওয়া সম্ভব। এই বিবেচনায় অনেক দলের মতো বিএনপিও নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে আসছে। তাই সব দল ও মতের সম্মতি ছাড়া ইভিএম ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।’চিঠিতে মির্জা ফখরুল আরও বলেন, ‘সবার অংশগ্রহণে অর্থবহ নির্বাচন নিশ্চিত করার স্বার্থে কুমিল্লার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং নির্বাচনে ইভিএম ব্যবহার না করার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাচ্ছি। অন্যথায় জনগণ এই নির্বাচনী প্রহসন বর্জন করলে তার দায়ভার নির্বাচন কমিশনকে বহন করতে হবে।’এর আগে তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিইসি এ টি এম শামসুল হুদা বলেন, কুমিল্লা দেশের সবচেয়ে ছোট সিটি করপোরেশন। এ নির্বাচনে সেনা মোতায়েনের প্রশ্নই উঠে না।ইভিএম সম্পর্কে সিইসি বলেন, ‘নির্দলীয় এ নির্বাচনের দলগুলোর এ ধরনের দাবি করা ঠিক নয়। রাজনৈতিক দলের সংলাপে অধিকাংশ নিবন্ধিত দলই জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের আগে স্থানীয় নির্বাচনে পর্যায়ক্রমে চালুর পরামর্শ দেয়। দলগুলোর পরামর্শ অনুসরণ করেই স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে আমরা সফলও হয়েছি। প্রার্থী, ভোটার, নির্বাচনী কর্মকর্তারা এবং অধিকাংশ দল এর পক্ষে। একটি দলের বিরোধিতা করলে কিছু করার নেই।’