কুমিল্লায় স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার
কুমিল্লার রেলস্টেশন এলাকা থেকে গতকাল সোমবার রাতে রঞ্জিত কর্মকার (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রঞ্জিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী বলে জানা গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়িতে যাওয়ার জন্য বের হন রঞ্জিত। এর পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। রাতে কুমিল্লা রেলস্টেশনের পাশে একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। লাশের পকেট থেকে মুঠোফোন উদ্ধার করে এর মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তারা। স্বজনেরা গিয়ে লাশটি রঞ্জিতের বলে শনাক্ত করেন। পরে তাঁর লাশ জিনোদপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে নবীনগর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়ে দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।