কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গতকাল শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন—শরিফ উদ্দিন (২০) ও নজরুল ইসলাম (২১)।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চৌদ্দগ্রামের আমজাদের বাজারে গতকাল রাতে সাড়ে ১১টার দিকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরচালক আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁরা মারা যান।নিহত শরিফ ও নজরুল স্থানীয় চিওড়া রাস্তার মাথায় একটি মোটর ওয়ার্কশপের শ্রমিক। শরিফ চৌদ্দগ্রামের দিমাতলী গ্রামের আবদুল গণি মিয়ার ছেলে। আর নজরুল কুমিল্লার চান্দিনা উপজেলার সালাউদ্দিনের ছেলে। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি নিয়ে গেছে। এ ছাড়া নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।