কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নোয়াবাজার পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শ্যামল কুমার জানান, সকালে ওই স্থানে টিনবহনকারী একটি ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামগামী সোহাগ পরিবহনের ভলবো বাসের পাশাপাশি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায় এবং ট্রাকের ওপরে থাকা তিনজন টিনের নিচে চাপা পড়ে ও কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ভলবো বাসটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা মাছ বহনকারী একটি পিকআপের পাশাপাশি ধাক্কা লাগে। এই ঘটনায় পিকআপটি রাস্তার পাশে পড়ে গিয়ে চালকসহ তিনজন আহত হয়। আহত ব্যক্তিদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত তিনটি গাড়িই আটক করেছে। আর নিহত ব্যক্তিদের বাড়ি নেত্রকোনায় বলে জানা গেছে।