কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
কুমিল্লার চৌদ্দগ্রামের সরদারবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা থেকে সীতাকুণ্ডগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে একই সড়কে একটি ট্রাক উল্টে এর চালক নিহত হয়েছেন।চৌদ্দগ্রামের হাইওয়ে পুলিশ সার্জেন্ট শাহাবুদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, ঢাকা থেকে বনভোজনের উদ্দেশে সীতাকুণ্ড যাচ্ছিল ঢাকার বিএসটিএ কোয়ার্টার্সের বাসিন্দাদের একটি দল। আজ সকাল সাতটার দিকে বাসটি কুমিল্লার চৌদ্দগ্রামের সরদারবাজার এলাকায় পৌঁছার পর সেখানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। নিহত ব্যক্তিদের পাঁচজনই পুরুষ। এ ছাড়া ওই বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লার কুতুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই এর চালক মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী প্রথম আলো ডটকমকে জানান, নিহত ট্রাকচালকের পরিচয় জানা যায়নি। তাঁর লাশ ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।গতকাল রাত ১২টার দিকে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর পশ্চিম অংশে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ায় মহাসড়কের মেঘনা সেতু থেকে দাউদকান্দির রায়পুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাসের যাত্রী মুন্নি আক্তার প্রথম আলো ডটকমকে বলেন, ‘রাত একটায় ঢাকার ফকিরাপুল থেকে বাসে উঠে সকাল ১০টায় দাউদকান্দির গৌরীপুরে পৌঁছেছি। দীর্ঘ সময় বাসে বসে থেকে পা ফুলে গেছে।’দাউদকান্দির হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, যানজটের কারণে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর মেরামতকাজ শুরু করতে দেরি হচ্ছে।