কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
কুমিল্লায় আলাদা চারটি সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ মোট সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার জেলার দাউদকান্দি ও চান্দিনা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে দাউদকান্দির শহীদনগরে কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া লাইনের একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা আরোহী স্থানীয় সুন্দলপুর গ্রামের সফিউল্লা (৪৫) ঘটনাস্থলেই মারা যান এবং তাঁর স্ত্রী নাছিমাসহ পাঁচজন গুরুতর আহত হন। আহত অন্যদের মধ্যে স্থানীয় সুখীপুর গ্রামের আলেক মিয়া (৪০), তাঁর স্ত্রী রাজিয়া (৩৫), মেয়ে মায়া (২০) ও ছেলে রিপনকে (১২) আশঙ্কাজনক অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, আজ ভোরে চান্দিনা উপজেলার হাড়িকোলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন অজ্ঞাত পথচারী (৩৫) মারা যায়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, গতকাল রাত ১১টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের আরোহী সাইদুল হক (৪২), তাঁর স্ত্রী খালেদা আক্তার রুমি (৩৪), ছেলে প্রতীক (৭) ও চালক আব্বাস উদ্দিন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। নিহত সাইদুল হকের গ্রামের বাড়ি ফেনীর ফাজিলপুর গ্রামে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাকচালক পালিয়ে যান। লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। রফিকুল ইসলাম আরও জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দাউদকান্দির পুটিয়ায় একটি গাড়ির চাপায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়।