কুয়েতের আমিরের ঢাকা সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নির্ধারিত ঢাকা সফর বাতিল হয়েছে। সফরের সময় আরব লিগের শীর্ষ সম্মেলন হওয়ায় কুয়েতের পক্ষ থেকে এটি বাতিল করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম আফ্রিকা অনু বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলো ডটকমকে এ বিষয়টি জানান। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আমন্ত্রণে তিন দিনের সফরে ২৫ মার্চ ঢাকায় আসার কথা ছিল কুয়েতের আমিরের। স্বাধীনতা দিবসের ৪২তম বার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ারও কথা ছিল তাঁর। কিন্তু কাতারের রাজধানী দোহায় ২৬ ও ২৭ মার্চ আরব লিগের ২৪তম শীর্ষ সম্মেলনের কারণে তিনি বাংলাদেশ সফর বাতিল করেন বলে জানা গেছে। ওই শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ১০ মার্চ কুয়েতের আমিরকে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ জানান।কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি কুয়েতের আমিরের নির্ধারিত ঢাকা সফর বাতিলের ক্ষেত্রে অন্যতম কারণ। গত নভেম্বরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের কথা জানিয়েছিলেন কুয়েতের আমির।সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানায়, বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক উপায়ে সরাসরি প্রতিক্রিয়া জানায়নি কুয়েত। তবে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা, সংঘাতমুক্ত পরিবেশ বজায় থাকার বিষয়ে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটির আগ্রহ আছে।