পাকিস্তান থেকেও আসে কুরিয়ারে
কুরিয়ার সার্ভিসে যুক্তরাজ্যে হেরোইন পাচার, সাতজন শনাক্ত
পাকিস্তান থেকে হেরোইন আসে বাংলাদেশে। তারপর তা কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে চলে যায় যুক্তরাজ্যে। এভাবে দীর্ঘদিন ধরে কিছু লোক বাংলাদেশের ওপর দিয়ে মাদক পাচার করে আসছিলেন। সম্প্রতি তাঁদের সাতজনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) শনাক্ত করেছে। এর মধ্যে চারজন হলেন বিদেশি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী।ডিবি সূত্র জানায়, এই সাতজনকে এরই মধ্যে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ-কালের মধ্যে তাঁদের আনুষ্ঠানিকভাবে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া হেরোইন পাচারকারী এই দলের প্রধান নিয়ন্ত্রক হিসেবে শাহ আলম ওরফে সুমন নামের যুক্তরাজ্যপ্রবাসী একজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে। তিনি থাকেন বার্মিংহামে। তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করার জন্য আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে পুলিশ।ডিবির সূত্র জানায়, কয়েক মাস আগে একটি খুনের মামলার আসামি গ্রেপ্তার করতে রাজধানীর একটি বস্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করে ডিবি। ওই হেরোইনের উৎস খুঁজতে গিয়ে ডিবির কর্মকর্তারা পাকিস্তান থেকে ঢাকা হয়ে যুক্তরাজ্যে হেরোইন পাচারকারী দলের সন্ধান পান। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে তুহিন নামের এক যুবককে শনাক্ত করেন তাঁরা। তুহিন যুক্তরাজ্যে বসবাসরত শাহ আলমের খালাতো ভাই। তাঁকে নজরদারিতে রেখে অনুসন্ধান চালিয়ে তাঁর সহযোগী আরও ছয়জনকে শনাক্ত করে ডিবি।ডিবির নজরদারিতে থাকা তুহিনের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, তাঁর বাসা ঢাকার মোহাম্মদপুরে। ২০০০ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। এরপর তিনি আর পড়াশোনা করেননি। তিনি যুক্তরাজ্যপ্রবাসী তাঁর খালাতো ভাই শাহ আলমের মাধ্যমে হেরোইন পাচারের কাজে যুক্ত হন। তুহিন বলেন, শাহ আলমের এক বন্ধু মোহাম্মদ আলী পাকিস্তান থেকে বাংলাদেশে হেরোইন পাঠানোর বিষয়টি দেখভাল করেন। পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদ আলীও যুক্তরাজ্যে থাকেন। তুহিন দাবি করেন, পাকিস্তান থেকে তাঁর কাছে কুরিয়ার সার্ভিসযোগে হেরোইনের ছোট ছোট চালান আসত, যা তিনি আবার ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বার্মিংহামে খালাতো ভাইয়ের ঠিকানায় পাঠাতেন। একেকটি চালানের জন্য তুহিন ২৫ থেকে ৩০ হাজার টাকা করে পেতেন।ডিবির নজরবন্দী থাকা তুহিন জানান, তিনি ২০০৮ সালে প্রথমে পাকিস্তান থেকে হেরোইনের প্রথম চালানটি গ্রহণ করেন আশকোনায় হাজি ক্যাম্পের সামনে থেকে। আকাশপথে পাকিস্তান থেকে আসা এক ব্যক্তি চালানটি তাঁর কাছে হস্তান্তর করেন। এর পরের চালানটিও পাকিস্তান থেকে আসা আরেক ব্যক্তি মোহাম্মদপুর কলেজগেট এলাকায় পৌঁছে দেন। এরপর পাকিস্তান থেকে সবগুলো চালানই এসেছে কুরিয়ার সার্ভিসে। তুহিন প্রথম চারটি চালান যুক্তরাজ্যে পাঠিয়েছেন মোহাম্মদপুর ডাকঘর থেকে রেজিস্ট্রি ডাকযোগে। এরপর তিনি ডিএইচএল কুরিয়ার সার্ভিস ও অ্যারামেক্স নামের আরেকটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হেরোইন পাঠিয়েছেন। তুহিন জানান, কুরিয়ার সার্ভিসে পাঠানো একটি চালান ২০০৯ সালে ঢাকায় বিমানবন্দরে ধরা পড়ে। এরপর ওই বছর আর কোনো চালান পাঠাননি। ২০১০ সালে তিনি ২০ থেকে ২২টি চালান, ২০১১ সালে ১৬ থেকে ১৭টি ও চলতি বছরের আট মাসে ১০-১২টি চালান পাঠিয়েছেন। এর বেশির ভাগই পাঠান ডিএইচএলের মাধ্যমে। জানতে চাইলে ডিএইচএল ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস বাংলাদেশের গ্রাহকসেবা শাখার নির্বাহী কর্মকর্তা সুপ্রকাশ শীল প্রথম আলোকে বলেন, বিদেশে পাঠানো সব মালামাল পরীক্ষা করে পাঠানো হয়। তাঁদের পরীক্ষায় কখনো মাদকের চালান ধরা পড়েনি।ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান জানান, ডিএইচএলের পাশাপাশি অ্যারামেক্স নামের একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও হেরোইন পাচার করা হতো বলে ডিবির অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অ্যারামেক্সের মাধ্যমে পাঠানো দু-একটি চালান তাঁদের কর্মীরা শনাক্ত করেছেন। কিন্তু তা আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে না দিয়ে বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে। এই অভিযোগে অ্যারামেক্স কুরিয়ার সার্ভিসের আঞ্চলিক ব্যবস্থাপকসহ চারজনকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। তিনি বলেন, বিদেশে হেরোইন পাচারের সঙ্গে জড়িত আরও কয়েকটি কুরিয়ার সার্ভিস ডিবি শনাক্ত করেছে।প্রসঙ্গত, এর আগে ২০০৫ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে সবজি রপ্তানির আড়ালে পাচার করা ২১ কেজি হেরোইন যুক্তরাজ্যে ধরা পড়ে। এ ঘটনায় পরে বিডি ফুডসের বিরুদ্ধে দুটি মামলা হয়। গত ২১ জুন সিআইডি আটজনকে আসামি করে মামলা দুটির অভিযোগপত্র দেয় আদালতে।