কুরিয়ার সার্ভিসে যুক্তরাজ্যে হেরোইন পাচারের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে হেরোইন পাচারের অভিযোগে কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা ও গাজীপুরে গতকাল রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। কুরিয়ার সার্ভিসের পার্সেলের মাধ্যমে হেরোইন পাচারের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আধা কেজি হেরোইন উদ্ধার করা হয় বলে ডিবি জানিয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: অ্যারামেক্স কুরিয়ার সার্ভিসের গাজীপুরের ইপিজেড শাখার ব্যবস্থাপক সাদেকুল সুমন (৩২), একই প্রতিষ্ঠানের গাড়িচালক মহসিন হোসেন (২৬), কর্মী শ্রীবাস পোদ্দার (৩২), সোহাগ মিয়া (২৫) ও হেরোইন পাচারকারী শাসসুল আরেফিন তুহিন (২৯)।অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির অতিরিক্ত উপকমিশনার মসিউর রহমান জানান, গ্রেপ্তার হওয়া শামসুল আরেফিন তুহিন ডিএইচএল ও অ্যারামেক্সসহ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থানরত শাহ আলম ওরফে সুমনের কাছে হেরোইন পাচার করতেন। কয়েক মাস আগে এক খুনের মামলার আসামি গ্রেপ্তার করতে রাজধানীর একটি বস্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করে ডিবি। ওই হেরোইনের উত্স খুঁজতে গিয়ে ডিবির কর্মকর্তারা পাকিস্তান থেকে ঢাকা হয়ে যুক্তরাজ্যে হেরোইন পাচারকারী দলের সন্ধান পান। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে তুহিনকে শনাক্ত করেন তাঁরা। তুহিন যুক্তরাজ্যে বসবাসরত শাহ আলমের খালাতো ভাই। তাঁকে নজরদারিতে রেখে অনুসন্ধান চালিয়ে তাঁর সহযোগী আরও ছয়জনকে শনাক্ত করে ডিবি। এর প্রেক্ষাপটে গতকাল অভিযান চালানো হয়।তুহিন প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, শাহ আলমের এক বন্ধু মোহাম্মদ আলী পাকিস্তান থেকে বাংলাদেশে হেরোইন পাঠানোর বিষয়টি দেখভাল করেন। পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদ আলীও যুক্তরাজ্যে থাকেন। তুহিন দাবি করেন, পাকিস্তান থেকে তাঁর কাছে কুরিয়ার সার্ভিসযোগে হেরোইনের ছোট ছোট চালান আসত, যা তিনি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বার্মিংহামে খালাতো ভাইয়ের ঠিকানায় পাঠাতেন। একেকটি চালানের জন্য তুহিন ২৫ থেকে ৩০ হাজার টাকা করে পেতেন।তুহিন আরও জানান, তিনি ২০০৮ সালে প্রথমে পাকিস্তান থেকে হেরোইনের প্রথম চালানটি গ্রহণ করেন আশকোনায় হাজি ক্যাম্পের সামনে থেকে। আকাশপথে পাকিস্তান থেকে আসা এক ব্যক্তি চালানটি তাঁর কাছে হস্তান্তর করেন। এর পরের চালানটিও পাকিস্তান থেকে আসা আরেক ব্যক্তি মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় পৌঁছে দেন। এরপর পাকিস্তান থেকে সব চালানই এসেছে কুরিয়ার সার্ভিসে।তুহিন প্রথম চারটি চালান যুক্তরাজ্যে পাঠিয়েছেন মোহাম্মদপুরের ডাকঘর থেকে রেজিস্ট্রি ডাকযোগে। এরপর তিনি ডিএইচএল কুরিয়ার সার্ভিস ও অ্যারামেক্স নামের আরেকটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হেরোইন পাঠিয়েছেন। তুহিন জানান, কুরিয়ার সার্ভিসে পাঠানো একটি চালান ২০০৯ সালে ঢাকায় বিমানবন্দরে ধরা পড়ে। এরপর ওই বছর আর কোনো চালান পাঠাননি। ২০১০ সালে তিনি ২০ থেকে ২২টি চালান, ২০১১ সালে ১৬ থেকে ১৭টি ও চলতি বছরের আট মাসে ১০-১২টি চালান পাঠিয়েছেন। এর বেশির ভাগই পাঠিয়েছেন ডিএইচএলের মাধ্যমে।