কুর্দি বিদ্রোহী ও তুর্কি সেনাদের সংঘর্ষে নিহত ১৯
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সেনাবাহিনী ও কুর্দি বিদ্রোহীদের খণ্ডযুদ্ধে ১৯ ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির হাক্কারি প্রদেশের গভর্নর ওরহান আলীমগলু আজ রোববার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, গেছিমিলি গ্রামের সংঘর্ষে ছয়জন সৈন্য, দুজন সরকারি বেতনভোগী পাহারাদার ও ১১ জন কুর্দি বিদ্রোহী মারা গেছে। তিনি বলেন, আজ ভোরে ইরাক সীমান্তের কাছে ওই সংঘর্ষে আহত হয়েছেন আরও ১৫ জন সৈন্য। স্থানীয় প্রচারমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরার এক খবরে বলা হয়, বিদ্রোহীরা একটি চৌকিতে রকেট লঞ্চার নিয়ে হামলা চালায়।রাষ্ট্রীয় টিআরটি টেলিভিশনের খবরে বলা হয়, হামলার পর ওই অঞ্চলে হেলিকপ্টারে নতুন সেনা পাঠানো হয়েছে। সম্প্রতি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির ঘাঁটি এলাকায় সেনাবাহিনীর ওপর এ ধরনের কয়েকটি হামলার পরে ওই এলাকায় সেনাবাহিনী ব্যাপক আক্রমণ শুরু করে।হাক্কারি প্রদেশ, বিশেষত সেমদিনলি শহর থেকে কুর্দি বিদ্রোহীদের তাড়াতে দুই সপ্তাহ আগে তুরস্ক ভূমি ও আকাশ থেকে ওই অঞ্চলে আক্রমণ শুরু করে। এখন পর্যন্ত দুই হাজার সেনা মোতায়েন করা হয়েছে। ১৯৮৪ সাল থেকে স্বাধীনতাকামী কুর্দিদের সঙ্গে তুরস্কের সেনাবাহিনীর যুদ্ধে প্রায় লাখ খানেক মানুষ প্রাণ হারিয়েছে।