কুর্দিদের অধিকার আদায়ের বিনিময়ে পিকেকে তুরস্কের কাছে অস্ত্র সমর্পণ করতে রাজি
তুরস্কের সঙ্গে গেরিলা যুদ্ধে জড়িত এক কুর্দি বিদ্রোহী গ্রুপের নেতা বিবিসিকে বলেছেন, সে দেশের কুর্দিরা যদি আরও বেশি রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার পায়, তবে তার বিনিময়ে গ্রুপটি অস্ত্র সমর্পণ করতে রাজি আছে। এ ধরনের একটি চুক্তি হলে তা ২৬ বছর ধরে চলে আসা সংঘাতের সমাপ্তি ঘটাবে।কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে।তুরস্কের এক সরকারি কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের দেওয়া কোনো বিবৃতি সম্পর্কে তাঁরা সাধারণত কোনো মন্তব্য করেন না। প্রস্তাবটি কিন্তু স্পষ্ট।ইরাকি কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের একটি গোপন শিবিরে পিকেকে নেতা মুরাত কারায়িলান বিবিসিকে বলেন, তুরস্ক যদি কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করে ও যুদ্ধবিরতিতে রাজি হয়, তবে তিনি তাঁর যোদ্ধাদের জাতিসংঘের তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণ করতে নির্দেশ দেবেন। তিনি বলেন, তাঁর দাবিগুলোর মধ্যে আছে বেসামরিক কুর্দিদের ওপর তুরস্কের হামলা ও পূর্ব তুরস্কে কুর্দি রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা বন্ধ করা।গ্রুপটি তুরস্কের কুর্দিদের জন্য আরও বেশি ভাষাগত ও সাংস্কৃতিক অধিকার আদায়ের জন্যও লড়াই করছে। দেশটির জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশই কুর্দি।মুরাত কারায়িলান বলেন, ‘কুর্দিদের ইস্যুটি যদি গণতান্ত্রিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়, তবে আমরা আমাদের অস্ত্র সমর্পণ করব। হ্যাঁ, আমরা আর অস্ত্র ধারণ করব না।’অবশ্য মুরাত শান্তি প্রস্তাব দেওয়ার পাশাপাশি একটি হুমকিও দেন। তিনি বলেন, ‘যদি তুরস্কের সরকার এটা প্রত্যাখ্যান করে তাহলে আমাদের স্বাধীনতা ঘোষণা করতে হবে।’একটি আন্তরিক দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি তুরস্ক ও পিকেকের মধ্যে ১৯৮৪ সাল থেকে চলে আসা লড়াইয়ের একটি অভাবনীয় সমাপ্তি। এই দীর্ঘ যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার লোক নিহত হয়েছে। তবে এটা প্রায় নিশ্চিত যে, যে গ্রুপটিকে তুরস্কসহ পাশ্চাত্যের অধিকাংশ দেশের সরকার একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে গণ্য করে তার তরফ থেকে একতরফাভাবে স্বাধীনতা অথবা স্বায়ত্তশাসনের ঘোষণাকে তুরস্কের সরকার বিদ্রোহের তীব্রতা বৃদ্ধি হিসেবেই দেখবে।বর্তমানে পিকেকে ইরাকি কুর্দিস্তানে তার ঘাঁটিগুলো থেকে তুরস্কে ঢুকে হামলা চালায়। অন্যদিকে গত কয়েক মাস ধরে তুরস্কও বিমান হামলা ও এমনকি ইরাকি ভূখণ্ডে সেনাবাহিনী পাঠিয়ে আকস্মিক আক্রমণ চালিয়ে তার জবাব দিচ্ছে।উভয় পক্ষই বলে, তারা শুধু বিপক্ষের যোদ্ধাদের ওপর আক্রমণ চালায়। আবার দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ করে আসছে।