কুলদীপকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১৫
ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কুলদীপ সিং ব্রারকে লন্ডনে হত্যাচেষ্টার অভিযোগে সন্দেহভাজন ১৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার লন্ডন পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।লন্ডন পুলিশ জানায়, ওই ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার সন্দেহে ১৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা। এর মধ্যে আটজন সন্দেহভাজনকে গতকাল শুক্রবার এবং চারজনকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। বাকি তিনজনকে হত্যার ষড়যন্ত্রে অংশ নিতে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের লন্ডনের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গত রোববার কুলদীপ সিং ব্রার যুক্তরাজ্যের লন্ডনে ছুরিকাহত হন। তাঁর ওপর চালানো এ হামলাকে ‘হত্যাচেষ্টা’ বলে উল্লেখ করেন তিনি। হাসপাতালে এক রাত কাটানোর পর গত সোমবার ছাড়া পান জেনারেল ব্রার। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিত্সকেরা জানিয়েছেন।ঘটনার পর কুলদীপ সিং সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁকে যে হত্যার চেষ্টা করা হয়েছিল, তা পরিষ্কার। কালো পোশাকে চার ব্যক্তি ওই হামলা চালায়। তাঁর ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, তাঁকে হত্যা করা হবে বলে আগে কয়েকবার হুমকি দেওয়া হয়েছে।ব্রার ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে শিখ জঙ্গিদের বিরুদ্ধে ১৯৮৪ সালে ‘অপারেশন ব্লুস্টার’ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ কারণে কট্টরপন্থী শিখরা এখনো তাঁর ওপর ক্ষুব্ধ বলে ধারণা করা হয়। শিখদের পবিত্র শহর অমৃতসরে ওই অভিযানে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিল। এরপর শিখ জঙ্গিরা স্বাধীন মাতৃভূমি খালিস্তান প্রতিষ্ঠার দাবি তুলেছিল।