কুলসুম বেগমের বেলা-অবেলা
খরচ বাঁচাতে খাওয়া কমিয়ে দিয়েছেন কুলসুম বেগম আর তাঁর ভাতিজা মতিয়ার রহমান। ১৫ দিন হলো তাঁরা আছেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) সামনে। মতিয়ারের বড় বোন শাহিনা খাতুনের চিকিৎসা চলছে আইসিইউতে। গুরুতর আহত অবস্থায় তাঁকে গত ২৪ এপ্রিল রানা প্লাজার তিনতলা থেকে উদ্ধার করে এখানে ভর্তি করা হয়।শাহিনা ছিলেন মেশিনচালক। তাঁর পা ভেঙে গেছে। মাথায় গুরুতর আঘাত। তবে পেট ও শরীরের নিচের অংশের আঘাতই মারাত্মক। ভেতরের অংশে নানান জটিলতা দেখা দিয়েছে। তিন দিন হলো জ্ঞান ফিরেছে শাহিনার। কিন্তু আইসিইউ থেকে স্থানান্তরের মতো উন্নতি হয়নি। চিকিৎসকেরা জানালেন, খুব ধীরে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। সেরে উঠতে দীর্ঘমেয়াদের চিকিৎসার দরকার হবে।শাহিনার খোঁজে রংপুর থেকে ঢাকায় এসেছেন তাঁর চাচি কুলসুম বেগম ও ছোট ভাই মতিয়ার রহমান। কুলসুম বেগম জানালেন, শাহিনার বাবা জহির উদ্দিন ও মা হালিমা দুজনই অসুস্থ। ঢাকায় আসার মতো অবস্থা নেই। সে কারণে তিনি মতিয়ারকে নিয়ে ২৪ এপ্রিল রাতেই ঢাকায় রওনা দেন। সকালে সাভার এসে এনাম হাসপাতালে কুলসুমকে খুঁজে পান। সেদিন থেকেই তাঁরা আইসিইউর বারান্দায় আছেন। কুলসুম বেগম জানালেন, সাভারে তাঁদের কোনো আত্মীয় নেই। সে জন্য তিনবেলাই কিনে খেতে হচ্ছে। বাড়ি থেকে যে টাকা এনেছিলেন, তাতে টান পড়েছে। সকালে দুজনের নাশতায় ৫০ টাকা লাগে। প্রতিবেলায় ভাত খেতে লাগে ১৮০ টাকা। সব মিলিয়ে ৩০০ টাকা ছাড়িয়ে যায় দিনের খরচ। এই খরচ কমাতে কয়েক দিন হলো খাওয়ার নিয়ম পাল্টে নিয়েছেন। এখন নাশতা করছেন একটু বেলা করে। খান পরোটা-ভাজি। দুপুরে না খেয়ে রাতের খাবারের সময় এগিয়ে একবার খাচ্ছেন বেলা ডোবার কাছাকাছি সময়ে।হাসপাতাল থেকে শাহিনা কবে ছাড়া পাবেন, তা বলা মুশকিল। এই অনিশ্চয়তাকে সঙ্গে নিয়েই তাঁরা কৃচ্ছ্রসাধন করে দিন কাটাচ্ছেন। তবে স্বস্তি এটুকুই যে স্বজনকে তো অন্তত জীবিত পাওয়া গেছে।