কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় দুই কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেন দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় কুলাউড়া রেলওয়ে থানায় (জিআরপি) একটি মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করেছে।বরখাস্ত হওয়া দুজন হলেন: কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশনমাস্টার কেফায়েত উল্লাহ এবং ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) আলী আজম। সিলেট-আখাউড়া রেলপথের ট্রাফিক পরিদর্শক (বাণিজ্যিক) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কুলাউড়ার ছকাপন ও বরমচাল রেলস্টেশনের মধ্যবর্তী ৭ নম্বর রেলসেতুর কাছে রেলপথ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এতে গতকাল মঙ্গলবার ভোররাতে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে প্রায় ১২ ঘণ্টা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।কুলাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কান্তি বড়ুয়া জানান, রেলপথ উপড়ে ফেলার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে গতকাল মঙ্গলবার রাতে মামলা হয়েছে।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম নেওয়াজ আজ বুধবার বেলা দেড়টার দিকে প্রথম আলো ডটকমকে জানান, ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত নয়জনকে আটক করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে মৌলভীবাজার হাজতে পাঠানো হয়েছে।