কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় যত্রতত্র পশু জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা সদরে দীর্ঘদিন ধরে যত্রতত্র পশু জবাই করে মাংস বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পশু জবাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুস্থতার সনদ নেওয়ার নিয়ম থাকলেও সেটি মানা হচ্ছে না। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে তড়কা (অ্যানথ্রাক্স) রোগে আক্রান্ত গবাদিপশুর মাংস খেয়ে সেটা মানবদেহে ছড়িয়ে পড়ায় বিষয়টি উদ্বেগের সৃষ্টি করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা সদরে যত্রতত্র পশু জবাই করে মাংস বিক্রি হয়। সরেজমিন কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের পাশে পশু জবাই করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কসাই জানান, জবাইয়ের আগে তাঁরা পশুর সুস্থতার সনদ নেননি। তবে মাঝেমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে সনদ দিয়ে যান।কুলাউড়ার প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম খান বলেন, ‘আমার জানামতো পৌরশহরে পশু জবাইয়ের নির্দিষ্ট কোনো স্থান নেই। ফলে আমাদের নজরদারির সুযোগ নেই। এ ছাড়া পশুর সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সামগ্রী আমাদের কাছে নেই। শুধু শারীরিক লক্ষণ দেখে সুস্থতার সনদ দিতে পারি।’কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ বলেন, ‘নবীনচন্দ্র উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকায় কয়েক বছর আগে আমরা পশু জবাইয়ের স্থান নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু কেউ ওদিকে যেতে চায় না।’জুড়ীর কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম অভিযোগ করে বলেন, কয়েকজন কসাই মরা ও রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করেন। তাঁদের একাধিকবার ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে। তবুও মাঝেমধ্যে ক্রেতাদের কাছ থেকে কিছু অভিযোগ পাওয়া যায়। বিষয়টি উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রমাপদ দেব বলেন, ‘পশু জবাইয়ের আগে সুস্থতার সনদ নেওয়ার বিষয়ে সম্প্রতি উপজেলা পরিষদের সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড়লেখা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইরাজ আলী বলেন, ‘তিন-চারজন কসাই ট্রেড লাইসেন্স (ব্যবসার অনুমোদন) নিয়ে হাজীগঞ্জ বাজারের একপাশে পশু জবাই করে মাংস বিক্রি করছেন। অন্যদের বিষয়ে আমার জানা নেই। ’ জেলা প্রশাসন সূত্র জানায়, তড়কা রোগের প্রাদুর্ভাবের কারণে গত ২৯ আগস্ট জেলা প্রশাসকের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সভাকক্ষে জেলার সবকটি উপজেলার ইউএনও, প্রাণিসম্পদ কর্মকর্তা, সিভিল সার্জন, পুলিশ ও বিডিআরের কর্মকর্তা এবং মাংস ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক হয়। জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জেলায় এখনো কোনো গবাদিপশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে পশু জবাইয়ের আগে সনদ গ্রহণ কার্যকর করা ও যত্রতত্র জবাইয়ের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলব।’