মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধলিয়া গ্রামে মনু নদের প্রতিরক্ষা বাঁধের একাংশ দেবে গেছে। পাহাড়ি ঢলের তোড়ে বাঁধের ব্লক ও মাটি ধসে পড়ছে। ফলে ভাঙনের ভয়ে পৃথিমপাশাসহ আশপাশের কর্মধা ও রাউৎগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে পৃথিমপাশার ধলিয়া গ্রামে প্রায় ৯৭ লাখ টাকা ব্যয়ে সিমেন্টের তৈরি ব্লক দিয়ে ২৫০ মিটার দীর্ঘ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। সরেজমিনে ২৮ এপ্রিল ধলিয়া গ্রামে দেখা যায়, বাঁধের একাংশের বেশ কিছু ব্লক দেবে গেছে। পানির তোড়ে ব্লকের নিচের মাটি ধসে গর্তেরও সৃষ্টি হয়েছে। গ্রামের বাসিন্দা আনু মিয়া (৪৫) বলেন, ‘কন্টেকটারে (ঠিকাদার) কোনোমতে কাম করিয়া দায় সারছে।’ হারুন মিয়া (৩০) বলেন, ‘বান্ধোর নিচে বড় গাত অইগেছে। দেখলে ডর লাগে। উজান থাকি বেশি পানি আইলে বিপদ আছে।’স্থানীয় ব্যক্তিরা জানান, বাঁধটি ভাঙলে ধলিয়া, শালিখা, আলীনগর, গজভাগ, নন্দীগ্রাম, রাজনগর, বুধপাশা, কানাইটিকরসহ পাশের কর্মধা এবং রাউৎগাঁও ইউনিয়নের আরও কয়েকটি গ্রামের বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে যাবে। পৃথিমপাশা ইউনিয়নের স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্বাস আলী জানান, বাঁধটি হুমকির মুখে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। দায়িত্বে থাকা পাউবোর উপসহকারী প্রকৌশলী আবদুল মোমিন ভূঁইয়া বলেন, ‘বাঁধ নির্মাণকালে আমি ওই এলাকার দায়িত্বে ছিলাম না। তবে কাজের মান ভালো হয়নি। এ ছাড়া নির্মাতাপ্রতিষ্ঠানের ঠিকাদারও বছর দুয়েক আগে মারা গেছেন বলে শুনেছি।’ তিনি জানান, ধলিয়ায় বাঁধের প্রায় ১৩৫ মিটার জায়গার ব্লক দেবে গেছে।পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘ধলিয়া গ্রামের প্রতিরক্ষা বাঁধ মেরামত ও সেখানে নতুন কিছু কাজের জন্য একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হয়নি।’