কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত, বিক্ষোভে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া-বরমচাল সড়কের নাছনি এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় শরীফ আলী (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে কুলাউড়া থানা পুলিশের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।আজ বুধবার সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল দশটার দিকে বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানটি শরীফকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে উত্তেজিত লোকজন এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই সড়কে প্রায় দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। দুপুর বারোটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।উল্লেখ্য, শরীফ আলী ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের আছকর আলীর ছেলে। শরীফ স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ত।