কুলি থেকে কোটিপতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ আগে চট্টগ্রাম নগরের মাদারবাড়ী এলাকায় একটি গুদামে কুলির কাজ করতেন তিনি। এখন তিনি শহরে বাড়ি ও একটি প্লটের মালিক। বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানির মালামাল পরিবহনের জন্য তাঁর আছে পাঁচটি ট্রাক ও কাভার্ড ভ্যান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তৈরি পোশাকবাহী একটি গাড়ি ছিনতাইয়ের ঘটনায় গোয়েন্দা পুলিশ গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর নাম মোহাম্মদ মাসুদ ওরফে পিচ্চি মাসুদ।পুলিশ সূত্র জানায়, পিচ্চি মাসুদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ি ছিনতাইকারী চক্রের প্রধান। ছিনতাই হওয়া আমদানি-রপ্তানি মালামাল লুকিয়ে রাখতে ঢাকা-চট্টগ্রাম ছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী এলাকায় তাঁদের অনেক গুদাম আছে। মাসুদ পুলিশকে এসব চক্রের অনেক সদস্যের নাম বলেছেন। ইতিমধ্যে পুলিশ ১৪ জনের নাম পেয়েছে।নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের বায়িং হাউসের মালিক কলির (কলি ম্যাডাম) কাছে ছিনতাই হওয়া তৈরি পোশাক সরবরাহ করছিল পিচ্চি মাসুদ ও তাঁর লোকজন। ইতিমধ্যে এ চক্রের ছয় সদস্য গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে পিচ্চি মাসুদের নাম পাওয়া যায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে হালিশহরের মৌসুমি আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করি।’জানা গেছে, ১২-১৩ বছর আগে মাদারবাড়ী এলাকায় চোরাই মালামাল রাখার একটি গুদামে কুলির কাজ করতেন পিচ্চি মাসুদ। বন্দরকেন্দ্রিক মালামাল ছিনতাই করে ওই গুদামে রাখা হতো। ওই সময় গুদামটি ভাড়া নিয়েছিলেন ল্যাংড়া মালেক, আফসার ও জাহাঙ্গীর। তাঁদের হাত ধরে মাসুদের উত্থান ঘটে।গতকাল দুপুরে নগর গোয়েন্দা কার্যালয়ে মাসুদ প্রথম আলোকে বলেন, ‘আমি দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। আমার বাবা মোহাম্মদ মোতাহের বন্দরের খালাসি ছিলেন। এখন তিনি অবসরে। কয়েক বছর আগে আমি পরিবহন-ব্যবসা শুরু করি। চোরাই মালামাল পরিবহন করার সময় আমার একটি ট্রাক ডবলমুরিং থানার পুলিশ আটক করে।’ তিনি দাবি করেন, পরিবহন-ব্যবসা করে তিনি চট্টগ্রামে একাধিক বাড়ি, ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিক হন।গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, নগরের হালিশহর এলাকার ছোটপুল ও তাসফিয়া কমিউনিটি সেন্টারের কাছে তাঁর দুটি বাড়ি আছে। হালিশহরের ফইল্যাতলী এলাকায় আছে আরেকটি প্লট। এ ছাড়া পাঁচটি ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিক তিনি। ব্যাংকে তাঁর বিপুল পরিমাণ টাকা আছে।পুলিশ সূত্র জানায়, সম্প্রতি বুড়িশ্চর এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে ৩৪ লাখ টাকার চোরাই তৈরি পোশাক উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয়। এ মালামাল ছিনতাইয়ের নেতৃত্বে ছিলেন পিচ্চি মাসুদ। কলিকে সরবরাহের জন্য ওই মালামাল ওই বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার অভিযানের পর কলি পলাতক রয়েছেন।পিচ্চি মাসুদ বলেন, বুড়িশ্চর এলাকার বাড়ি থেকে মালামাল উদ্ধারের পর কলি আত্মগোপন করেন। তাঁর মোবাইল ফোন বন্ধ। তৈরি পোশাক ছিনতাই করে কলিকে সরবরাহ করা হতো। তিনি সেসব কাপড় বিদেশে রপ্তানি করেন।মাসুদ বলেন, মালামাল ছিনতাই ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে ইতিপূর্বে তিনি দুই দফায় কারাভোগ করেন। সর্বশেষ তাঁর গাড়িতে চোরাই মালামাল পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিন মাস ১০ দিন কারাভোগের পর রোজার ঈদের আগের দিন তিনি জামিনে মুক্তি পান।মাসুদ পুলিশকে জানান, গত ১০ বছরে ২৫-৩০ হাজার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিশেষ করে কার্টন থেকে আংশিক মালামাল ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটেছে, যা বোঝার কোনো উপায় থাকে না।