কুলিয়ারচরে নৌকাডুবিতে ৩ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নৌকাডুবিতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে কুলিয়ারচরের মাটিকাটা এলাকায় বিলের পানিতে একটি নৌকা ডুবে এ দুর্ঘটনা ঘটে। নিহতের হলো নরসিংদীর বেলাব উপজেলার চর বেলাব গ্রামের আরমান মিয়া (৭), সানিয়া বেগম (১০) এবং কুলিয়ারচর উপজেলার মাটিকাটা গ্রামের রায়হান মিয়া (৮)। নিহতদের মধ্যে আরমান ও সানিয়া সহোদর। রায়হান তাদের মামাতো ভাই। আরমান ও রায়হান তৃতীয় শ্রেণীর এবং সানিয়া ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।নিহতদের পরিবারের সদস্যরা জানায়, আরমান ও সানিয়ার মামার বাড়ি কুলিয়ারচরের মাটিকাটা গ্রামে। ঈদ উপলক্ষে তারা তাদের মায়ের সঙ্গে মামার বাড়ি বেড়াতে এসেছিল। বেড়ানো শেষে গতকাল তারা বাড়ি ফিরছিল। ফুফুর বাড়িতে বেড়াতে যেতে তাদের সঙ্গে যায় মামাতো ভাই রায়হান। নৌকাটি ১০ জন আরোহী নিয়ে বিকেল পাঁচটার দিকে চরবেলাবর উদ্দেশে যাত্রা করে। কিছুদূর যাওয়ার পর নৌকাটি উল্টে যায়। বড়রা সাঁতরে তীরে উঠতে পারলেও শিশু তিনজন পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর মৃতদেহ ভেসে ওঠে।রায়হানের বাবা কবির মিয়া বলেন, কোশা নৌকাটি আকারে ছোট ছিল। ১০ জন ওঠার পর কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়ে। অন্য কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে তাঁরা কোশা দিয়ে যাচ্ছিল।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা কুলিয়ারচরের ছয় সুতি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনিসুজ্জামানের মাধ্যমে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আগ্রহের কথা জানান। এ কারণে ময়নাতদন্ত করা হয়নি।