কুশপুত্তলিকা এখন ইসলামবিরোধী, বলছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করার অপরাধে নিজামীর কুশপুত্তলিকা পুড়িয়েছে ওলামা মাশায়েখ সংহতি পরিষদ। দলীয় আমিরের কুশপুত্তলিকা পোড়ানোর পর এখন এই কাজকে ইসলামবিরোধী হিসেবে আখ্যা দিয়েছে জামায়াত। এর আগে দেশে অসংখ্যবার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা ঘটলেও জামায়াত কখনো একে ইসলামবিরোধী বলেনি।আজ মঙ্গলবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এই ব্যাখ্যা দেন। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ’৭১ সালে তিনি কোনো অন্যায়, অত্যাচার বা অপকর্ম করেননি।লিখিত বক্তব্যে মুজাহিদ বলেন, ‘মানুষের কুশপুত্তলিকা বানিয়ে তাকে জ্যান্ত মনে করে দাহ করা মোটেই ইসলামসম্মত নয়। অথচ ইসলামের নাম ব্যবহার করে আলেম নামধারী আওয়ামী মহাজোট সমর্থক কিছু লোক মাওলানা মতিউর রহমান নিজামীর কুশপুত্তলিকা বানিয়ে তা প্রকাশ্য রাজপথে দাহ করেছে। এ ধরনের গর্হিত কর্মকাণ্ড সম্পূর্ণ ইসলামবিরোধী।’এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের পক্ষ থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেলের কাছে জানতে চাওয়া হয়, ইরাকযুদ্ধের পর জামায়াত মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের কুশপুত্তলিকা পুড়িয়েছিল কি না? জবাবে মুজাহিদ বলেন, ‘আমরা আমাদের দলের মধ্যে এ বিষয়টি সব সময় আলোচনা করি। এটি গর্হিত কাজ। এটি করা যায় না বলে দলের সিদ্ধান্ত আছে।’ইরাকযুদ্ধের পর অনেক ইসলামপন্থী দল বুশের কুশপুত্তলিকা পুড়িয়েছিল। তখন তো জামায়াত এ বিষয়ে কিছু বলেনি। এখন নিজামীর কুশপুত্তলিকা পোড়ানোয় জামায়াত এ ধরনের কথা বলছে কেন? জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘এ দেশের বরেণ্য ওলামা-একরামরা আগে বলার প্রয়োজন বোধ করেনি। এখন ইসলামের নামে যেহেতু এটা করা হচ্ছে, সেহেতু আমরা বলছি।’এর আগে তো বিভিন্ন দলের পক্ষ থেকে অসংখ্যবার বিভিন্ন ব্যক্তির কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। তখন কেন জামায়াত কিছু বলেনি, জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘ইসলামের নীতিমালা আছে। যথাসময়ে যথা কথা বলতে হয়।’তাহলে কি নিজেরা বাঁচার জন্য এখন জামায়াত এ ধরনের কথা বলছে, জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘দেখুন ইসলামে পর্যায়ক্রমের ব্যাপার আছে। মহানবী (সা.)-ও পর্যায়ক্রমে বিভিন্ন কথা বলেছেন।’এ বিষয়ে জানতে চাইলে ওলামা মাশায়েখ পরিষদের নেতা মাওলানা ফরিদউদ্দিন মাসউদ প্রথম আলোকে বলেন, ‘জামায়াত কোনো ইসলামি দল না। তারা ইসলামের বিষয়ে কোনো ফতোয়া দেওয়ার অধিকার রাখে না। তা ছাড়া মুজাহিদ কোনো আলেম নন, তাঁর গুরু মওদুদীও আলেম নন। কাজেই বৈধ ও অবৈধ সম্পর্কে বলার কোনো অধিকার মুজাহিদ রাখেন না।’ তিনি বলেন, ‘কুশপুত্তলিকা বানানো হয়েছে শয়তান তাড়ানোর জন্য। এটা মূর্তি ছিল না। এটা ঘৃণা প্রকাশের জন্য ছিল। অপশক্তির বিরুদ্ধে ঘৃণা প্রকাশের সঙ্গে ইসলামে কোনো বিরোধ নেই।’মুজাহিদ দাবি করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার কারণেই জামায়াত রাজাকার হয়ে গেছে। আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা নিয়ামক শক্তি হতেন।এ পরিপ্রেক্ষিতে মুজাহিদের কাছে জানতে চাওয়া হয়, ‘তাহলে একাত্তরে কি আপনারা রাজাকার ছিলেন না?’ জবাবে মুজাহিদ বলেন, ‘সেটা আওয়ামী লীগকে জিজ্ঞেস করুন।’ আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি—এ কথার পর তিনি বলেন, ‘৭১ এ আমি আলী আহসান মুজাহিদ ছিলাম।’ আপনার ভূমিকা কী ছিল, জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘ভূমিকা নতুন করে বলতে চাচ্ছি না। তবে কোনো অন্যায়, অত্যাচারের সঙ্গে জড়িত ছিলাম না।...হত্যা লুণ্ঠন, খুন, ধর্ষণের সঙ্গে আমরা কেউ জড়িত ছিলাম না।’এরপর সাংবাদিকেরা একাত্তরের রাজাকার, আল-বদর, আল-শামস প্রভৃতি বাহিনীর সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার বিষয়ে প্রশ্ন করতে থাকলে মুজাহিদ বলেন, ‘আমাদের যেদিন জানাবার প্রয়োজন পড়বে, আমরা জানাব। আজকে যে জন্য ডেকেছি, দয়া করে আপনারা সে বিষয়ে কথা বলুন।’এর আগে মুজাহিদ দাবি করেন, তাঁদের দলের নেতা রফিকুল ইসলাম খান মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা করেননি। কয়েকটি পত্রিকা রফিকের বক্তব্য বিকৃত করে ছেপেছে।এই পরিপ্রেক্ষিতে একজন সাংবাদিক মুজাহিদকে বলেন, ‘আপনারা তো সব বক্তব্যের রেকর্ড সংরক্ষণ করেন। তাহলে রফিকুল ইসলাম সেদিন কী বলেছিলেন, তা কি আজ (গতকাল) শুনিয়ে প্রমাণ করবেন যে তিনি মহানবীর সঙ্গে নিজামীর তুলনা করেননি?’জবাবে মুজাহিদ বলেন, ‘আপনি যেভাবে বলছেন, তা অসুন্দর হয়ে গেল কি না। আজকে না, তবে আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই, আমরা প্রমাণ করে দেব রফিকুল ইসলাম নিজামীর সঙ্গে মহানবীর (সা.) তুলনা করেননি।’