কুশিয়ারার করাল গ্রাসে ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুশিয়ারা নদীর জোয়ারের উত্তাল ঢেউয়ে ভেঙে গেছে ৪৪ বছরের হাওয়ারুন বেগমের একটি সুবিশাল টিনের ঘর। কয়েক বছর আগে তীব্র জোয়ারে ঘরটি ভেঙে পড়ে, ভেসে যায় গবাদিপশুসহ ঘরের আসবাব। ৩৭ বছরে পৌরসভার ৬নং ওয়ার্ডের কেচরি গ্রামের নদী-তীরবর্তী অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। হাওয়ারুন বেগম জানান, মুক্তিযুদ্ধের পর থেকে নদীভাঙন তীব্র আকার ধারণ করে। দীর্ঘদিন ধরে এ ভাঙন চলে এলেও কর্তৃপক্ষ এটি প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।হাওয়ারুনের মতোই বুকফাটা আর্তনাদ আর হতাশা এখন কেচরি গ্রামের বেশ কতগুলো পরিবারের। তারা বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু নদীর তীরে প্রতিরোধমূলক দেয়াল নির্মাণ করা না হলে আরও বড় ধরনের ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয় ব্যক্তিরা। এলাকাবাসী জানিয়েছেন, নদীভাঙনের শিকার প্রায় সবাই নিম্ন আয়ের মানুষ। বাড়িঘর হারিয়ে অধিকাংশ মানুষ এখন পরিবার-পরিজন নিয়ে উদ্বাস্তু জীবন যাপন করছেন। কেউবা নদীর তীরে ঘর নির্মাণ করে অনেকটা অসহায়ভাবে বসবাস করছেন। আবার অনেকেই এলাকা ছেড়ে সামর্থ্য অনুযায়ী অন্যত্র বসতবাড়ি করেছেন।গত ৩০ সেপ্টেম্বর গিয়ে দেখা যায়, পৌরসভার ৬নং ওয়ার্ডের কেচরি গ্রাম ও ৭নং ওয়ার্ডের পালবাড়ি গ্রাম নদীভাঙনের শিকার। এসব এলাকার বেশ কয়েকটি বাড়ি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব বাড়ির বেশ অংশ এবং যাতায়াতের পথঘাট একটু একটু করে তলিয়ে যাচ্ছে। মাটিতে ফাটল ধরে ভেঙে পড়ছে নদীতে। এসব এলাকার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ এখন ক্ষোভে-দুঃখে দিশেহারা হয়ে পড়েছে। পালবাড়ি গ্রামের খৈ-মুড়ি বিক্রেতা গোপিকা পাল (৬০) স্মৃতিচারণ করে বলেন, ‘নদীভাঙনে পালপাড়া এলাকার অনেকেই এখন পথের ফকির। বাড়ি নাই, ঘর নাই, এ এক অসহায় জীবন।’ গৃহিণী ফজিলাতুন্নেসার (২৫) বাড়িটি এখন নদীভাঙনের মুখে। তিনি জানান, তাঁর স্বামী একজন গাড়ির চালক হওয়ায় আয়-রোজগার সামান্য। দুই ছেলে, দুই মেয়ে আর স্বামী নিয়ে সংসার। এ সংসারে এখন বড় শত্রু কুশিয়ারা নদী। ইতিমধ্যে ঘরের একটি অংশ নদীগর্ভে চলে গেছে, বাকি অংশটুকুও হুমকির মুখে। তিনি বলেন, ‘ভাই, বাচ্চাকাচ্চা নিয়া চিন্তায় আছি। কখন জানি বাড়ি ভাঙি নদীর পানিতে মিশে যায়। কিন্তু বাড়িও ছাড়তাম পারতাছি না। বাড়ি ছাইড়া কই গিয়া থাকমু? থাকার তো কোনো জায়গা নাই। মরি-বাঁচি এইখানও থাকন লাগব।’নদীভাঙনের বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড জকিগঞ্জ উপজেলার উপসহকারী প্রকৌশলী রকিবুল ইসলাম বলেন, ‘কুশিয়ারা নদীর ভাঙন রোধে মন্ত্রণালয়ে একটি প্রকল্প বেশ আগে থেকেই জমা রয়েছে। এটির অনুমোদন হলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।’