কুষ্টিয়ায় অস্ত্র, ককটেল ও সরঞ্জাম উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজারে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র, ককটেল ও এসব তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারখানার তিনজন কর্মচারীকে আটক করে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন: কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার সুরুজ আলী (২৫), লাহিনীপাড়ার শফিকুল ইসলাম (২৩) ও কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের হজরত আলী (২২)।অভিযানের নেতৃত্বে ছিলেন জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফকরুজ্জামান জুয়েল। প্রথম আলো ডটকমকে দেওয়া তাঁর ভাষ্য, কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজারে আক্কাস আলী নামের এক ব্যক্তির লোহার যন্ত্রাংশ (লেদ মেশিন) তৈরির কারখানায় রাতের বেলা দেশীয় অস্ত্র ও বোমা তৈরি করা হয় বলে গোপন সংবাদ পায় পুলিশ। এই তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় কারখানার কর্মচারীরা বাধা দেন। তিনজন কর্মচারী পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে। পরে কারখানায় তল্লাশি চালিয়ে পুলিশ তিনটি শাটারগান, দুটি ককটেলসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।এএসপি ফখরুজ্জামান জুয়েল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কুমারখালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। কারখানার মালিক আক্কাস আলী পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।