কুষ্টিয়ায় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চকবাজার থেকে গতকাল শনিবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।পুুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া আছান আলী (৩০) ও খোকন মণ্ডল (২৮) চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের সক্রিয় ক্যাডার।মিরপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে পুলিশ উপজেলার চকবাজারে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ম্যাগাজিন, দুটি কার্তুজ ও একটি গুলি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়। তাঁদের অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আছান চরমপন্থী দলের আঞ্চলিক নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। খোকনের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও তিনি আছানের সহযোগী হিসেবে কাজ করেন। দুজনের বাড়িই মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চকগ্রামে।