কুষ্টিয়ায় আকিজ বিড়ি কারখানায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ শুক্রবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটজন আহত হয়েছেন। কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় আকিজ বিড়ি কারখানায় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটজন আহত হন। রামদার আঘাতে গুরুতর আহত দুজনকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।কারখানার ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। পূর্বশত্রুতার জের ধরে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন এবং কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।