কুষ্টিয়ায় কালবৈশাখী ঝড়ে একজন নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সরিষাডুলি গ্রামে কালবৈশাখী ঝড়ে আমিরন নেছা (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি সরিষাডুলি গ্রামের আছের আলীর স্ত্রী। গতকাল শনিবার রাত আটটার দিকে ঝড়ে নারিকেলগাছ ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে নিহত হন আমিরন।এ ছাড়া ঝড়ে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় ৩০-৩৫টি বাড়ি বিধ্বস্ত ও শতাধিক গাছপালা ভেঙে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়। দৌলতপুর উপজেলার বোয়ালিয়া, খলিশাকুণ্ডি, রিফায়তপুর ও আড়িয়া ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। বোয়ালিয়া ইউনিয়নের সরিষাডুলি গ্রামের আমিরন নেছা বাড়ির উঠান থেকে ঘরে যাচ্ছিলেন। এ সময় নারিকেলগাছ ভেঙে তাঁর ওপর পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল বলেন, সরিষাডুলিতে একজন নিহত হয়েছে। ঝড়ে ৩০-৩৫টি বাড়ি বিধ্বস্ত ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তার ওপর পড়ে থাকা ভাঙা গাছপালা সরানোর ব্যবস্থা করা হয়েছে।জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।