কুষ্টিয়ায় চরমপন্থী ক্যাডার গ্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুর থেকে কোরবান আলী (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে মিরপুর উপজেলার কুর্শা ক্যানেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি, কোরবান আলী চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের সক্রিয় ক্যাডার। মিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে চরমপন্থীরা ওই স্থানে গোপন বৈঠক করছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ সেখান থেকে কোরবান আলীকে গ্রেপ্তার করে। পরে তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত দুইটার দিকে কুর্শায় কোরবান আলীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ দেশে তৈরি একটি এলজি, দুটি গুলি ও পাঁচটি তাজা বোমা উদ্ধার করে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত চরমপন্থী নেতা সিদ্দিকের অন্যতম সহযোগী ছিল গ্রেপ্তার হওয়া এই কোরবান। তাঁর বিরুদ্ধে মিরপুর থানায় হত্যামামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। গতকাল রাতেই তাঁর বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র ও একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।