কুষ্টিয়ায় চারজন চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ায় চার চরমপন্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার কুষ্টিয়া ও মেহেরপুরের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জেলার গোয়েন্দা শাখা, সদর ও মিরপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মিরপুর উপজেলার হিদিরামপুর গ্রামের দুই ভাই বাবুল বিশ্বাস (২২) ও হামিদুল ইসলাম (৩০), বড়বাড়িয়া গ্রামের জসিম উদ্দীন (২৪) এবং মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের এনামুল হক (২৫)। পুলিশের দাবি, তাঁরা সবাই পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য।কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান প্রথম আলোকে জানান, ২১ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়ার মজমপুর গেট এলাকা থেকে রাকিবুল হাসান নামের একজন ছাত্র অপহূত হন। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। ২৫ সেপ্টেম্বর রাতে পুলিশ তাঁকে উদ্ধার করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই চক্রের নেতা জনিরুল ইসলাম ওরফে দাদা সেলিম, আলতাফ হোসেন, নাজমুল ইসলাম নামে তিন চরমপন্থীকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে এ চারজনকে আটক করা হয়। পরে রাকিবুল অপহরণ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম প্রথম আলোকে বলেন, এঁরা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য।