কুষ্টিয়ায় ছয় ছিনতাইকারী আটক
কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশের হাতে আটক হয়েছে ছয়জন ছিনতাইকারী। গতকাল রোববার গভীর রাতে কুষ্টিয়া শহরতলির লাহিনী বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পাবনা জেলার নয়নামতি এলাকার রতন সর্দার (৩২) ও ঠান্টু মিয়া (২৮), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ইমরান হাওলাদার (২৮), রাজধানীর উত্তরার দক্ষিণ খান এলাকার আনোয়ারুল ইসলাম (২৫) এবং মাদারীপুর জেলার বাবু (২৮) ও শাখাওয়াত হোসেন (২৩)। তাঁদের কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। কুষ্টিয়া সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা উত্পল কুমার পাল (৩৮) ও জহুরুল ইসলাম (৪১) নামের আরেক ব্যক্তি ঢাকা থেকে কুষ্টিয়ায় আসার উদ্দেশে বাসে পাংশা বাসস্ট্যান্ডে এসে নামেন। তাঁরা যখন সেখান থেকে কুষ্টিয়া শহরে আসার জন্য বাহনের অপেক্ষা করছেন তখন একটি সাদা রঙের মাইক্রোবাস তাঁদের সামনে এসে দাঁড়ায়। মাইক্রোবাসটির আরোহীরা তাঁদের শহরে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। উপায়ান্তর না দেখে উত্পল ও জহুরুল মাইক্রোবাসটিতে উঠে পড়েন। মাইক্রোবাসটি যখন কুষ্টিয়া শহরতলির চরলাহিনীপাড়া এসে পৌঁছে তখন গাড়ির ছয়জন আরোহী উত্পল ও জহুরুলের মোবাইল ফোন ও বেশ কিছু টাকা ছিনতাই করে তাঁদের সেখানে নামিয়ে দেন। ছিনতাইকারীদের নিয়ে মাইক্রোবাসটি দ্রুতগতিতে চৌড়হাসের উদ্দেশে রওনা দিলে জহুরুল ফোনে লাহিনী বটতলা এলাকায় দায়িত্বরত কমিউনিটি পুলিশিং ফোরামের নেতাদের ঘটনাটি জানান। কমিউনিটি পুলিশ সদস্যরা মাইক্রোবাসটিকে চ্যালেঞ্জ করে এবং ওই ছয় ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে কুষ্টিয়া সদর থানার পুলিশে সোপর্দ করে।উত্পল কুমার পাল প্রথম আলোকে বলেন, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানির কুষ্টিয়া অফিসের স্টোরকিপার হিসেবে যোগদানের জন্য তিনি ঢাকাতে মৌখিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন।কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, উত্পল কুমার পাল বাদী হয়ে ধৃত ছয় ছিনতাইকারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।