কুষ্টিয়ায় ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া মডেল থানা-পুলিশ গতকাল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতা মীর সাইফুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া বাকি চারজন হলেন—সৈকত ওরফে বাবু (২২), জুয়েল হোসেন (১৯), পাভেল ওরফে অন্তু (১৮) ও সিরাজুল ইসলাম ওরফে ড্যানো (২০)। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রাত দেড়টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজের জিয়াউর রহমান ছাত্রাবাসের ছাদে অভিযান চালায়। এ সময় জেলা ছাত্রলীগের সহসভাপতি মীর সাইফুল ইসলামকে ছাত্রাবাসের ছাদ থেকে একটি পিস্তল ও ছয়টি গুলিসহ আটক করা হয়। পরে ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ থেকে আরও চারজনকে আটক করা হয়। এসব কক্ষ থেকে ১৭-১৮টি রামদাও উদ্ধার করা হয়েছে।সাইফুলের বিরুদ্ধে মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। অস্ত্র আইনে পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠাবে।জেলা ছাত্রলীগের সভাপতি মাঝহারুল ইসলাম ওরফে সুমন প্রথম আলোকে বলেন, গত বছর থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের রেষারেষি চলছে। যাঁরা গ্রেপ্তার হয়েছে তাঁদের বিরুদ্ধে মামলা আছে।