কুষ্টিয়ায় জামায়াত নেতা তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আবদুল্লাহ মো. তাহেরের বিরুদ্ধে আজ বুধবার কুষ্টিয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে। দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে জজ কোর্টের পিপি নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করেছেন।মামলার আরজিতে বলা হয়েছে, ৪ আগস্ট সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘সংবিধান সংশোধন: বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে জামায়াত নেতা তাহের তাঁর বক্তব্যে বলেছেন, ‘সময় এলে যথাযথ ব্যক্তি ও সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার সব কিছুতেই বাড়াবাড়ি করছে। কিন্তু ভুলে গেলে চলবে না, জামায়াতের দেড় থেকে দুই কোটি সমর্থক রয়েছে। ফোর্স রিজার্ভ আছে, যথাযথ সময় যথাযথ ব্যক্তি ও সরকারের ওপর প্রয়োগ করা হবে।’ এটি রাষ্ট্রদ্রোহের শামিল। এ কারণেই মামলাটি করা হয়েছে।