কুষ্টিয়ায় দুটি ট্রাকে আগুন
কুষ্টিয়ার শান্তিডাঙ্গা এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কাঠবোঝাই একটি ট্রাক ও বারখাদা এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে হরতালের সমর্থনকারীরা। এ সময় হরতালের সমর্থনকারীরা তিনটি গাড়িতে ভাঙচুর চালায়। পিকেটিং করার সময় শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ। জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে আজ রোববার সকালে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরতাল চলাকালে আজ সকালে শান্তিডাঙ্গা এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কাঠবোঝাই একটি ট্রাক ও বারখাদা এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে একটি ট্রাকে হরতালের সমর্থনকারীরা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।এদিকে, সকালে শহরের বটতৈল এলাকায় তিনটি গাড়িতে ভাঙচুর চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ ছাড়া ছাতিয়ান এলাকার মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ভোর সাড়ে পাঁচটার দিকে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে হরতালের সমর্থকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন স্থানে পিকেটিং করার সময় জামায়াত-শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।