কুষ্টিয়ায় দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর ও কুমারখালি উপজেলায় আজ বুধবার সকালে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, গতকাল মঙ্গলবার রাতে এই দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে কুষ্টিয়া সদর উপজেলার বারুইপাড়া মাঠে মাথাবিহীন একটি দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। মাথাটি পাওয়া যায় মাঠ থেকে আধা কিলোমিটার দূরে একটি কালভার্টের ওপর। সকাল ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ ওই লাশ ও মাথা উদ্ধার করে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, লাশটি অন্য এলাকার কারও হতে পারে। এখানে এনে তাঁকে হত্যা করা হয়েছে।এদিকে কুমারখালি উপজেলার পান্টি গ্রামের দক্ষিণপাড়ার একটি বাগানে আজ সকালে আমগাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে জানান, লাশটি একই গ্রামের ওলিয়ার রহমানের ছেলে উজ্জ্বল হোসেনের (২৮)। পরকীয়ার কারণে উজ্জ্বল হোসেনকে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।