কুষ্টিয়ায় নকল সিগারেট কারখানার সন্ধান
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও যন্ত্রপাতি জব্দ করা হয়। এগুলোর মূল্য এক কোটি টাকার ওপরে বলে পুলিশ জানিয়েছে।কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আমলাবাজারের পাশে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করা হয়—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ গতকাল রাত তিনটার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিকপক্ষের লোকজন পালিয়ে যান। পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে নকল সিগারেট ও যন্ত্রপাতি উদ্ধার করে।জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা নকল সিগারেট ও যন্ত্রপাতির মূল্য এক কোটি টাকার বেশি। এ ব্যাপারে মিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।