কুষ্টিয়ায় নিজের অস্ত্রের গুলিতে আনসার সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে চৌরঙ্গী পুলিশ তদন্ত ক্যাম্পে হায়দার আলী (৪২) নামের এক আনসার সদস্য নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশের ধারণা, পারিবারিক কোনো সমস্যায় তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে।চৌরঙ্গী পুলিশ তদন্ত ক্যাম্পের আনসার সদস্য ও হায়দার আলীর কক্ষে বসবাস করা গোলাম মোস্তফা প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, আজ সকাল ১০টার দিকে দায়িত্ব পালনের জন্য হায়দার আলী তৈরি হন। সোয়া ১০টার দিকে তিনি টয়লেটে যান। এর কিছুক্ষণ পরই গুলির আওয়াজ পাওয়া যায়। পরে সেখানে তাঁর গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক নবারুন বিশ্বাস বলেন, গুলিটা ঠিক বুকের মাঝখানে লেগেছে।কুষ্টিয়া আনসার ও ভিডিপি অ্যাডজুট্যান্ট কমান্ডার কামাল হোসেন জানান, হায়দার আলী ঠাকুরগাঁও জেলার ১৩ ব্যাটালিয়ান আনসার সদস্য। তিনি কুমারখালীর চৌরঙ্গীতে প্রেষণে ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব মালিপুর। তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছেন। বড় ছেলে সুজন বাংলাদেশ সেনাবাহিনীতে সদস্য হিসেবে সাভারে কর্মরত আছেন। তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে পাঠানো হবে। দাফনের যাবতীয় ব্যয় বহনের জন্য নগদ ৩০ হাজার টাকা দেওয়া হবে।