কুষ্টিয়ায় পার্লার ব্যবসায়ী নারীকে গুলি করে হত্যা
কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকায় শাহজাদি ফারজানা ওরফে ববি (৩৫) নামের এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। শাহজাদি তাঁর বাড়িতে বিউটি পার্লারের ব্যবসা করতেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে কাটাইখানা মোড় এলাকায় নিজ বাড়িতে ঠিকাদার মোল্লা আল সামসের স্ত্রী শাহজাদি ‘গ্লামার ওয়ার্ল্ড’ নামের একটি পার্লার চালাচ্ছিলেন। আজ সন্ধ্যার দিকে কয়েকজন যুবক পার্লারের ভেতরে ঢুকে ফারজানাকে গুলি করে চলে যায়। পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। পরে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হলে ফারজানা মারা যান।হাসপাতালে আল সামস প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। কারা, কী কারণে তাঁর স্ত্রীকে মারতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের চিনতে পেরেছি, পরে পুলিশকে জানাব।’ তাঁদের দুটি মেয়েসন্তান আছে বলেও জানান তিনি।কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, আল সামসের দেওয়া তথ্য ও এলাকায় খোঁজ নিয়ে শহরে ব্যাপক অভিযান চলছে। আশা করা যাচ্ছে দ্রুততম সময়ে হত্যার কারণ উদঘাটন ও সন্ত্রাসীদের ধরা সম্ভব হবে।