কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম (২৮) নামে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি উদ্ধার করেছে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিমের দাবি, শহিদুল চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সদস্য। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় দুটি হত্যাসহ ছয়টি মামলা আছে। তিনি সদর উপজেলার স্বস্তিপুর ভাদালিয়া গ্রামের চাঁদ আলী খন্দকারের ছেলে।কুষ্টিয়া সদর থানা পুলিশের ভাষ্যমতে, সদর উপজেলার স্বস্তিপুর গ্রামের জনৈক কাশেম মৃধার বাঁশবাগানে চরমপন্থী দলের সদস্যরা গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। চরমপন্থীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটে। ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। আশপাশের লোকজন মৃতদেহটি শহিদুল ইসলামের বলে শনাক্ত করে। পুলিশ চরমপন্থীদের ফেলে রাখা একটি এলজি, পাঁচটি বোমা, পাঁচটি বন্দুকের গুলি, সাতটি রাইফেলের গুলি এবং পাঁচটি বন্দুকের গুলির খোসা উদ্ধার করে। সদর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।