কুষ্টিয়ায় বাস উল্টে শিশুসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে বাস উল্টে শিশুসহ দুজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের বারখাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে মেহেরপুর থেকে একটি যাত্রীবাহী বাস বারখাদা এলাকায় পৌঁছলে একটি বাইসাইকেলকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি উল্টে সড়কের ডান পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাজিদ (১২) নামের এক শিশু মারা যায়। হাসপাতালে নেওয়ার পর আহত সাইকেল আরোহী মজনুর রহমানের (৩৮) মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাস থেকে ৩০ জন যাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাঁদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।এদিকে বাস দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ঘটনাস্থলে সড়কে গতিরোধক তৈরির দাবিতে গাছের গুঁড়ি ফেলে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় পাশেই তাঁরা ত্রিমোহনী এলাকায় মোটর শ্রমিক ইউনিয়নের স্টার্টার কার্যালয় ভাঙচুর করেন। দুই ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে স্থানীয়রা সড়ক অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি শান্ত হয়।কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত মজনুর রহমান বারখাদা গ্রামের আবদুস ছাত্তারের ছেলে বলে জানান তিনি।