কুষ্টিয়ায় বিষাক্ত স্পিরিট পানে আরও একজনের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত স্পিরিট পান করে খবির উদ্দিন ওরফে ভ্যাগল (৫২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ নিয়ে ওই উপজেলায় গত তিন দিনে বিষাক্ত স্পিরিট পান করে তিনজনের মৃত্যু হলো। স্পিরিট পান করে চারজন উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিত্সাধীন। তাঁরা হলেন তোফাজ্জেল হোসেন (৪০), মোয়াজ্জেম হোসেন (৪৫), মোজাম্মেল হক (৪৮) ও ইয়ার আলী (৩২)। দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে খবির উদ্দিন পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আসেন। পরে তাঁকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই বেলা ১১টার দিকে তিনি মারা যান। দৌলতপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ঈদের দিন রাতে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় জনৈক ফজলুর রহমানের হোমিওপ্যাথি দোকান থেকে বিষাক্ত স্পিরিট বিক্রি করা হয়। এরপর গত রোববার রাতে একই ঘটনায় রোকন বিশ্বাস ও পিনু সর্দার নামে দুজন মারা যায়।