কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার ৪
কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে খুন হওয়া ব্যবসায়ী শাহজাদি ফারজানা ওরফে ববি হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে এসব আসামিকে গ্রেপ্তার করেন র্যাব-১২-এর কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মজিবুর রহমান ওরফে লিখন ও তাঁর স্ত্রী বৈশাখী খাতুন এবং রুহুল আমীন ওরফে রুবেল ও মো. হেলাল।গত ২৭ মার্চ সন্ধ্যায় শাহজাদি ফারজানা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি পারলারের ভেতর গুলিতে খুন হন। রাতেই তাঁর স্বামী মোল্লা আবু সামস বাদী হয়ে মজিবুর রহমান ও তাঁর স্ত্রী বৈশাখী খাতুনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।সংবাদ সম্মেলনে দেওয়া র্যাবের ভারপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন মোসাদ্দেক ইবনে মুজিবের ভাষ্যমতে, ঘটনার পর থেকে র্যাব প্রকৃত রহস্য উদঘাটনে ছায়াতদন্ত শুরু করে। ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলার তদন্তভার র্যাবকে দেয়। গতকাল রাত ১১টার দিকে কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশন থেকে মামলার প্রধান আসামি মজিবুর রহমান, সন্দেহভাজন আসামি রুহুল আমীন ও মো. হেলালকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ভেড়ামারা রেলস্টেশন এলাকা থেকে বৈশাখীকে গ্রেপ্তার করে র্যাব।মোসাদ্দেক ইবনে মুজিব বলেন, আত্মগোপনের উদ্দেশ্যে আসামিরা ঢাকায় যেতে রেলস্টেশনে অবস্থান করছিলেন। মজিবুরের বাড়ির শয়নকক্ষ থেকে হত্যায় ব্যবহূত অস্ত্রের একটি অতিরিক্ত ম্যাগাজিন উদ্ধার করে র্যাব। শাহজাদিকে হত্যার কথা প্রধান আসামি প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে র্যাবের কমান্ডার জানান।