কুষ্টিয়ায় শিবিরের ৯ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন বৈঠক করার সময় কুষ্টিয়া শহরের উপজেলা সড়কের এক বাড়ি থেকে শিবিরের নয়জন কর্মীকে আটক করেছে পুলিশ। সেখান থেকে পাঁচটি বোমা, বোমা তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পুলিশ এ অভিযান চালায়।পুলিশের দাবি, শিবিরের ওই কর্মীরা নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলেন।আটক হওয়া কর্মীরা হলেন: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রবিউল ইসলাম (১৭), ইছহাক আলী (২২), আবদুল কুদ্দুস (৩০), আবদুল আলীম (৩০), রাজবাড়ী জেলার আশরাফুল ইসলাম (৪০), মীর সাইফুল্লাহ (৩৭), নওগাঁ জেলার সোহাগ আলী (২২), কুষ্টিয়া শহরের উপজেলা রোডের আশিকুর রহমান (১৭) ও পাবনার ঈশ্বরদী উপজেলার সাজেদুর রহমান (১৮)।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কুষ্টিয়া শাখার সভাপতি বায়েজিদ আক্কাচ প্রথম আলো ডটকমকে জানান, রিজিয়া সাদ ভিলার মালিক সাদ আহমেদ মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির কুষ্টিয়া জেলার চেয়ারম্যান ছিলেন। ১৯৭৪ সালে দালাল আইনে তাঁর সাত বছরের কারাদণ্ড হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর তিনি কারাগার থেকে বের হয়ে আসেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েক দিন আগে কুষ্টিয়া গোয়েন্দা শাখা ও মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শহরের উপজেলা সড়কের সাদ আহমেদের বাড়িতে শিবিরের সদস্যদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর পুলিশ বাড়িটি নজরদারিতে রাখে। আজ বেলা একটার দিকে শিবিরের ক্যাডাররা নাশকতা সৃষ্টির লক্ষ্যে সেখানে গোপন বৈঠক করছেন—এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় বৈঠকরত অবস্থায় শিবিরের নয়জন কর্মীকে গ্রেপ্তার করা হয়।পরে পুলিশ তিন তলাবিশিষ্ট রিজিয়া সাদ ভিলার নিচতলা ও তৃতীয় তলায় অভিযান চালায়। তারা নিচতলা থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, ‘জামায়াত নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ বানোয়াট, মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত’ শিরোনামের বই, লিফলেট, পোস্টার, লাঠিসোঁটা উদ্ধার করে; তৃতীয় তলায় আলমারিতে রাখা জামায়াতের নেতাদের লেখা বিভিন্ন ধরনের বই ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। একটি আলমারির তালা ভেঙে এর ভেতর থেকে বইয়ের আড়ালে রাখা পাঁচটি বোমা উদ্ধার করে পুলিশ।ঘটনাস্থলে থাকা কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, রিজিয়া সাদ ভিলায় দীর্ঘদিন ধরে জামায়াত-শিবির জঙ্গি প্রশিক্ষণ দিয়ে আসছিল। শিবিরের কর্মকাণ্ড-সম্পর্কিত প্রায় এক ট্রাক পরিমাণ বই, লিফলেট ও জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলেন। এ ঘটনায় মামলার বিষয় প্রক্রিয়াধীন।