কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস ও পরীক্ষার দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ রোববার প্রশাসনিক ভবনের কয়েকটি কক্ষের কাচ ও দুটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর ছাত্রলীগের ওই কর্মীরা টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের কর্মীরা দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে ১০টি কক্ষের কাচ ভাঙচুর করেন। এ সময় ভবনের পেছনে থাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ভাঙচুর করেন। এরপর তাঁরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। এ সময় তাঁদের হাতে ইটপাটকেল ও লাঠি ছিল।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ৮ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে একের পর এক বোমা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কুষ্টিয়া ও ঝিনাইদহ পরিবহন মালিক সমিতির ধর্মঘট। ফলে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে নয় হাজারই ক্যাম্পাসে আসতে পারছেন না। ফলে দীর্ঘ ২২ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলো যখন ক্যাম্পাসের বাইরে যায়, তখনই গুপ্ত হামলার শিকার হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।প্রগতিশীল শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস মো. সালেহ এসব ঘটনার জন্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ঘটনাকে দায়ী করে। তিনি বলেন, প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ১২ হাজার শিক্ষার্থীর জীবন হুমকির মুখে। এ নিয়োগে স্থানীয় ও ছাত্রলীগের নামধারী কিছু নেতা নিয়োগ না পাওয়ায় তাঁরা এ হামলার ঘটনা ঘটাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।প্রক্টর মেহের আলী বলেন, ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন তত্পর রয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠন ও উচ্চপর্যায়ে বৈঠক চলছে।