ফুটফুটে শিশু ইয়াসির আদনান সুপ্তের বয়স মাত্র তিন মাস ১৩ দিন। আর মনিরার বয়স মাত্র চার বছর। নির্মমভাবে হত্যা করা হয়েছে এ দুটি শিশুকে। এর মধ্যে ইয়াসিরকে শ্বাসরোধ ও জবাই করে হত্যা করেন তার গর্ভধারিণী। আর মনিরাকে হত্যা করে লাশ চিংড়ি ঘেরের মাটিতে পুঁতে রাখে দুর্বৃত্তরা। গত বুধবার বিকেল তিনটার দিকে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকা থেকে ইয়াসিরের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন মঙ্গলবার রাত ১১টার দিকে খুলনার কয়রা উপজেলার মহেশ্বীরপুর ইউনিয়নের হড্ডা গ্রাম থেকে উদ্ধার করা হয় মনিরার লাশ।ইয়াসির হত্যাকাণ্ডের ঘটনায় তার মা ইতিয়ারা বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে কুষ্টিয়া সদর থানার পুলিশ। মনিরা হত্যাকাণ্ডের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।কুষ্টিয়া: ইয়াসির জনতা ব্যাংক কুষ্টিয়ার আঞ্চলিক শাখার সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদের একমাত্র ছেলে। সামাদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ইসলামপুরে। চাকরির সুবাদে তিনি স্ত্রী ইতিয়ারাকে নিয়ে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। ছেলে হত্যার ঘটনায় সামাদ স্ত্রী ইতিয়ারার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় হত্যা মামলা করেছেন। সামাদ জানান, বুধবার তিনি ব্যাংকে ছিলেন। দুপুর সোয়া দুইটার দিকে ইতিয়ারা মুঠোফোনে তাঁকে জানান, ‘ইয়াসিরকে জবাই করে হত্যা করেছি। আমাকে পুলিশে দাও।’ তিনি তাৎ ক্ষণিক বাসায় গিয়ে দেখতে পান একমাত্র সন্তান ইয়াসিরের গলা কাটা লাশ রান্নাঘরের মেঝেতে পড়ে রয়েছে।সামাদ দাবি করেন, তাঁর স্ত্রী মানসিক রোগী। মাঝে মধ্যেই তার মানসিক সমস্যা দেখা দেয়। তাঁকে একাধিক মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎ সককে দেখানো হয়েছে, যার ব্যবস্থাপত্রও আছে। ইতিয়ারার মা আজিজা বেগম বলেন, বিয়ের আগে তাঁর মেয়ের একটু মানসিক সমস্যা ছিল। তবে এখন তেমন নেই। ইতিয়ারা বুধবার সোয়া তিনটার দিকে পুলিশের উপস্থিতিতে প্রথম আলোকে বলেন, ‘আমি বেঁচে থাকতে চাই না। মরতে চাই। জেলে গেলে আমার ফাঁসি হবে, এ জন্যই সন্তানকে জবাই করেছি। আমার স্বামী কোনো দোষ করেনি। সব দোষ আমার। আমাকে ফাঁসি দেন।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ইয়াসিরের লাশ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, ইতিয়ারা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, শোবার ঘরের বিছানায় প্রথমে ইয়াসিরকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে লাশ রান্নাঘরে নিয়ে বঁটি দিয়ে দেহ থেকে মাথা বিছিন্ন করা হয়। গতকাল দুপুর দুইটার দিকে ইতিয়ারা কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলামের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি ছেলে হত্যার কথা স্বীকার করে তাঁকে ফাঁসি দিতে বলেন। জবানবন্দি শেষে আদালতের নির্দেশে ইতিয়ারাকে জেলহাজতে পাঠানো হয়।ওসি আরও জানান, গতকাল আদালতে নেওয়ার আগ পর্যন্ত ইতিয়ারাকে স্বাভাবিক দেখা গেছে। মানসিক ভারসাম্যহীন মনে হয়নি। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম প্রথম আলোকে জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে ইয়াসিরকে হত্যা করা হয়েছে। অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।খুলনা: নিহত শিশু মনিরার মা রিজিয়া খাতুন জানান, তাঁর স্বামী তাঁদের ছেড়ে চলে যাওয়ার পর দুই মেয়েকে নিয়ে তিনি কয়রার হড্ডা গ্রামে বাবার বাড়িতে থাকেন। সোমবার সকাল থেকে তিনি মনিরাকে খুঁজে পাচ্ছিলেন না। মঙ্গলবার বিকেল পাঁচটায় তাদের প্রতিবেশী আমিরুল পাশের নজরুল গাজীর চিংড়ি ঘেরে মনিরার লাশ দেখতে পেয়ে তাঁদের খবর দেন। খবর পেয়ে কয়রা থানার পুলিশ রাত ১১টায় সেখানে পৌঁছে মাটির নিচ থেকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে রিজিয়া খাতুন বুধবার বিকেলে বিকেলে ঘেরের মালিক নজরুল গাজীসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।মহেশ্বীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহাশীশ মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে চিংড়ি ঘেরের মালিক নজরুল গাজীর সঙ্গে মামলার বাদী রিজিয়ার বাপ-চাচাদের বিরোধ চলছে। মনিরা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কয়রা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, মনিরার পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন আছে বলে লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।