কুষ্টিয়া ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ শনিবার দুই শিক্ষার্থী ও এক চিকিত্সক নিহত হয়েছেন। আহত হয়েছে একজন।আমাদের কুষ্টিয়া অফিস জানায়, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনী বটতলা নামক স্থানে নসিমন উল্টে লাল চাঁদ (২২) ও আনন্দের (৪) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মারুফ হোসেন। আনন্দ জয়নাবাদ গ্রামের মমিনের ছেলে ও স্থানীয় কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র এবং লাল চাঁদ ভাদালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও কুমারখালি উপজেলার আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের ছাত্র।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া শহরসংলগ্ন ভাদালিয়া থেকে কয়েকজন যাত্রী নসিমনে করে কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামে যাচ্ছিলেন। নসিমনটি লাহিনী বটতলায় পৌঁছলে রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসকে পাশ দিতে গিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পথে আনন্দ ও লাল চাঁদের মৃত্যু হয়। এ ছাড়া আহত মারুফ হোসেনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।বগুড়া থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বগুড়ার বাইপাস সড়কে আজ সকাল নয়টার দিতে ট্রাকের ধাক্কায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালের চিকিত্সক আজিজুল হক (৪০) মারা গেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুল হক বগুড়া শহরের নাটাইপাড়া এলাকা থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। তেলী পুকুর নামক স্থানে একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে শজিমেক হাসপাতালে ভর্তি করলে বেলা দুইটার দিতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।